বিশেষ প্রতিনিধি | গাজীপুর
গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর ২ নম্বর ব্লকের লালু মিয়ার গলি এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সংগঠিত মাদক চক্র নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ সেন্ট সিন্ডিকেট নামে পরিচিত একটি নেটওয়ার্কের মাধ্যমে এলাকায় অবাধে মাদক বেচাকেনা চলছে, যার কেন্দ্রীয় ব্যক্তি হিসেবে মোহাম্মদ সেন্টুর নাম ঘুরে বেড়াচ্ছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, অত্যন্ত কৌশলে পরিচালিত হচ্ছে এই মাদক ব্যবসা। দিনের বিভিন্ন সময় ভাগ করে আলাদা আলাদা গ্রুপের মাধ্যমে সরবরাহ ও বিক্রি চালানো হয়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানো সহজ হচ্ছে বলে মনে করছেন তারা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই চক্রে কিশোর ও তরুণদের ব্যবহার করা হচ্ছে, ফলে দ্রুত মাদকের ছোবলে জড়িয়ে পড়ছে নতুন প্রজন্ম।
একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের ছেলেমেয়েরা নিরাপদ না স্কুলে যায়, কিন্তু কার সঙ্গে মিশছে তা নিয়ে ভয় লেগেই থাকে। এলাকায় মাদক এখন খুব সহজলভ্য।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, এই নেটওয়ার্কের পেছনে প্রভাবশালী একটি গোষ্ঠীর সম্পৃক্ততার গুঞ্জন রয়েছে। অভিযোগ আছে, রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এই চক্র টিকে আছে। যদিও এসব অভিযোগের পক্ষে নির্দিষ্ট প্রমাণ বা সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, একাধিকবার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও স্থায়ী সমাধান আসেনি। মাঝে মধ্যে অভিযান পরিচালিত হলেও তা সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে।
সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, একটি এলাকায় এভাবে মাদক বিস্তার লাভ করলে তা দ্রুত সামাজিক অবক্ষয়ের দিকে নিয়ে যায়। এর প্রভাব পড়ে শিক্ষা, পরিবার ও সামগ্রিক আইনশৃঙ্খলার ওপর।